আয়কর আইনে বড়সড় পরিবর্তন! ১লা এপ্রিল থেকে আয়কর আইনে কোন নিয়ম চালু হতে চলেছে?
আয়কর আইন নিয়ে যেকোনো রকম পরিবর্তন প্রভাব ফেলবে আয়কর রিটার্ন করেন যারা তাদের ওপর। ভারতের প্রস্তাবিত আয়কর আইন ২০২৬ কার্যকর হতে দেখা যাবে পহেলা এপ্রিল থেকে। ইতিমধ্যেই যে খসড়া নথি প্রকাশ করা হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে সেটা জানা যাচ্ছে। কোন কোন নিয়মে পরিবর্তন করা হল জেনে নেওয়া যাক।
চাটার্ড একাউন্টেনের একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে মূল কাঠামো ও রিপোর্টিং ফরম্যাট আগের মতন থাকলেও ফর্ম গুলির নম্বর পুননির্মাণ করা হয়েছে। অর্থাৎ সব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন হলো আয়কর ফর্ম নম্বর বদল বিষয় নিয়ে। জানা যাচ্ছে, আয়কর ফর্মের নম্বরগুলো নতুন করে সাজানো হয়েছে।
আয়কর ফর্মে নম্বর বদল কেমন করা হয়েছে?
বর্তমানে যে আয়কর ফর্ম ১৬ রয়েছে, সেটি নতুন আইন অনুযায়ী আয়কর ফর্ম ১৩০ নামে অভিহিত করা হবে। অন্যদিকে, ফর্ম, ২৬এএস পরিবর্তন করে ফর্ম ১৬৮ করা হয়েছে। এখনো পর্যন্ত সরকারি গেজেট নোটিফিকেশন জারি করা হয়নি। শুধুমাত্র খসড়া নথি প্রকাশ করা হয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে রিপোর্টিং ফরম্যাটে সমস্ত রকম বিষয় অপরিবর্তিত রয়েছে। অতএব ফর্মের বিষয়বস্তু বা তথ্য দেওয়ার ধরন কোনরকম পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র নম্বরের পরিবর্তন আনা হয়েছে।
কবে থেকে কার্যকরী হবে: ফর্ম গুলির নতুন নামকরণ ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকরী করা হবে। এই ফর্মগুলোর মধ্যে রয়েছে ফর্ম ১৩, ১৬, ১৬এ, ২৪কিউ, ২৬কিউ, ২৭কিউ এবং ২৬এএস। এছাড়া বর্তমানে ব্যবহৃত ফর্ম ৩সিএ, ৩সিবি এবং ৩সিডি এগুলোকে একত্রিত করে একটি ফর্ম হিসাবে ফর্ম ২৬ চালু করার প্রস্তাব গৃহীত হয়েছে তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
২০২৬-২৭ অর্থবর্ষ এবং তার পরবর্তী যে সমস্ত কমপ্লেইন থাকবে সেগুলো নতুন কার্যকর হওয়া ফর্মের অধীনেই করা হবে। তবে বাস্তবিক কতটা সুফল পাবে এই নতুন পরিবর্তন সেটা আয়কর পোর্টালের প্রযুক্তিগত দিক এবং সংশ্লিষ্ট ইউটিলিটি আপডেটের উপর নির্ভর করছে।
তবে নতুন এই আইন বিভিন্ন বিভ্রান্তি বাড়াতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এইরকম বিভ্রান্তি এড়ানোর জন্য প্যারালাল বা সমান্তরাল ট্রানজিশন পিরিয়ড রাখতে পারে। এর কারণ বহু পুরনো করদাতা রয়েছেন যারা পুরনো নিয়মের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন তাদের হঠাৎ করে নতুন নিয়ম ফলো করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে সরকারের মতে, ঠিকমতো প্রচার অর্থাৎ নতুন নিয়ম সম্পর্কে সবাইকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া ও অবগত করা এবং বিভিন্ন সাহায্যকারী ব্যবস্থা থাকলে খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত করদাতা নতুন নিয়মেই অভ্যস্ত হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে ১ এপ্রিল ২০২৬ থেকে আয়কর ফর্ম নম্বর পুনবিন্যাস হতে চলেছে। যেহেতু আয়কর আইনের মূল বিষয়ের কোনরকম পরিবর্তন আনা হচ্ছে না তাই সেরকম কোন সমস্যার সম্মুখীন হতে হবে না করদাতাদের।




